এবার শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে জানিয়ে প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঈদের আগে সাধারণত শ্রমিক অসন্তোষ দেখা দেয়। গার্মেন্ট বন্ধ করে শ্রমিকরা সড়কে চলে আসে। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। এবার তেমনটি হয়নি। শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারণে।’
তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে ছিলেন। তাই দেশে প্রথমবারের মতো এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আরিফুল হক বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকরা ঈদের আগেই বেতন-ভাতা পেয়েছেন।
শ্রমিকদের সুখবর দিয়ে মন্ত্রী জানান, আগে বন্ধ হয়ে যাওয়া দেশের কলকারখানাগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার।
বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, শুধু দেশের শ্রমিক নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণেও কাজ করছে সরকার। মধ্যপ্রাচ্যের অস্থিরতার সময়ও সরকার প্রবাসীদের পাশে রয়েছে।
প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতকারী প্রবাসীদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে এবং প্রবাসীদের পরিবারকে সতর্ক করা হচ্ছে।
তিনি বলেন, বন্ধ শ্রমবাজার চালুর পাশাপাশি শ্রমিকদের দক্ষ করে তুলতেও কাজ করছে সরকার। আগামী মাস থেকে বিদেশগামী শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।
দালালচক্রের কারণে অনেক শ্রমিক প্রতারিত হন উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের প্রতারণা রোধে সরকার পদক্ষেপ নিচ্ছে।
ঈদযাত্রা নিয়ে মন্ত্রী বলেন, সরকার, প্রশাসন, পরিবহণ শ্রমিক ও মালিকদের সমন্বিত প্রচেষ্টায় এবার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে।
সকাল নিউজ/এসএফ


