বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে পাচারের সময় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক মানবপাচারকারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় একটি সক্রিয় মানবপাচার চক্রের তথ্য বেরিয়ে এসেছে, যার পাঁচ সদস্য পলাতক রয়েছে। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ডিএএমপি-১ প্রধান পিলার ও উপ-পিলার ৮-এর কাছে পাচারের চেষ্টা শনাক্ত হয়।

দহগ্রামের আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের টহল দল দহগ্রামের মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শূন্যরেখা থেকে প্রায় ৫ গজ বাংলাদেশের ভেতর থেকে মানবপাচারকারীসহ তিনজনকে আটক করে। আটককৃত মানবপাচারকারী হলেন- পাটগ্রাম পৌরসভার বেংকান্দা এলাকার সুজন দাস (৩০)।

পাচারের শিকার দুইজনের মধ্যে একজন হাতীবান্ধা উপজেলার পুরাতন কাচারী গাওচুল্কা এলাকার হেমন্ত দাস (২৫) এবং অপরজন একই এলাকার ১২ বছর বয়সী শিশু বলরাম রায়।

বিজিবি জানায়, পাটগ্রাম উপজেলার একটি মানবপাচারকারী চক্রের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চুক্তি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুজন দাস পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আরও পাঁচজন সহযোগীর নাম প্রকাশ করে। পলাতকরা হলেন- দহগ্রামের আঙ্গরপোতা এলাকার জাহিনুর রহমান (৩০), শাকিরুল ইসলাম (২৮), নুরুজ্জামান (৪০), বেলাল হোসেন (৩০) ও শুভ (২৫)।

এ ঘটনায় আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আখেরুজ্জামান বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করেন। আটক তিনজনকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, ‘সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পুলিশ প্রহরায় আটক আসামিকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version