রাজধানীর উত্তরার একটি ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ওই ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নবর সড়কের ৭ তলার দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে ওই ভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
তালহা বিন জসিম আরও বলেন, অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সকাল নিউজ/এমএম


