মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করেছে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মে দিবসের দিন জুমার নামাজ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হবে।
সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের বক্তব্যের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে—এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, যেখানে জনগণের রায়ে বিএনপি ২১৩টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে।
তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করে এবং অস্থিতিশীলতা উসকে দিতে পারে। বিএনপির কর্মকাণ্ড নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধোঁয়াশা সৃষ্টি ও বিভেদ তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দলের অন্যান্য নেতারা।

