পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগে ঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন যোগ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও সরকারি ছুটি থাকবে।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ বিবেচনায় রেখে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ঈদের আগে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে। এর মধ্যে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটিও রয়েছে। ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের ছুটি কার্যকর হতে পারে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ঈদ উপলক্ষে ১৮ মার্চও ছুটি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

