বৈশিক চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত বিষয়ে দূতাবাসগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়ে আমরা দূতাবাসগুলোর সঙ্গে কথা বলছি এবং ভিসার মেয়াদ বাড়ানোর (এক্সটেনশন) আশ্বাস পেয়েছি।’
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো সংকট মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলেও এ সময় জানান উপদেষ্টা হুমায়ুন কবির।
উপদেষ্টা বলেন, ‘সবদিকেই আমাদের আন্তরিকতা ও চেষ্টার কোনো কমতি নেই। এই সরকার জনগণের সরকার। তাই বাংলাদেশের নাগরিকরাই সরকারের দৈনন্দিন কার্যক্রমে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত এই সরকার একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। সরকারের অবশ্যই প্রস্তুতি আছে এবং আমরা চেষ্টা করছি, যেন কোনো ধরনের সংকটে না পড়তে হয় এবং সবকিছু একটি টেকসই (সাসটেইনেবল) উপায়ে স্বাভাবিক থাকে। এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা নিচ্ছি।’
বিশেষ করে জ্বালানি খাতে বৈচিত্র্য আনার (ডাইভার্সিফিকেশন) বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সৌদি আরব, ইউএই, কাতারসহ যুদ্ধ-প্রভাবিত অঞ্চলে থাকা আমাদের নাগরিকদের এবং সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনে সরিয়ে নেওয়ার (ইভাকুয়েশন) প্রস্তুতিও রয়েছে। অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা হয়েছে, যাতে প্রয়োজন হলে সহযোগিতা পাওয়া যায়।’
সকাল নিউজ/এসএফ

