বান্দরবান পৌর এলাকার উজানিপাড়ায় অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও ২টি দোকান পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার ও ২টি দোকানের মালিকদের মাঝে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ তুলে দেন।
স্থানীয় বাসিন্দা ও বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্যমতে, সোমবার (২ মার্চ) ভোরে বান্দরবান পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উজানিপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর এবং ২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সংবাদ শুনে সাচিং প্রু জেরী মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা প্রদানের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, ‘যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক বিপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব।’
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রতিটি বিপদে তিনি এবং বর্তমান সরকার সবসময় পাশে থাকবে।
সকাল নিউজ/এসএফ

