ট্রাক মার্কায় ভোট দেওয়া মানে ধানের শীষে মঞ্জু মূন্সীকে ভোট দেওয়া বলে জানিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির স্থায়ী সদস্য ও মনোনয়ন বাতিল হওয়া কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী, সাবেক সাংসদ ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকায় গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের পক্ষে এক পথসভায় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে আগামী ১২ তারিখ জসীম উদ্দিনকে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। এ বিজয়ের মালা আমাদের গলায়, আপনাদের গলায়, জনাব তারেক রহমানের গলায় পরবে।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াতে ইসলাম সম্পর্কে আপনারা তো জানেন, তারাতো ৭১ এর মুক্তিযোদ্ধা বিরোধী- রাজাকার ছিল। রাজাকারের দলের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই। তাদের সাথে এখন এনসিপি মিলেছে, এদের নিয়ে আর কিছু বলতে চাই না। আপনারা ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। আপনারা শক্ত পুলিং এজেন্ট নির্ধারণ করবেন, জামায়াতের লোকজন বোরকা পরে কেন্দ্রে চলে যাবে। আপনারা সচেতন থাকবেন।’
সভায় আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, আনোয়ার হোসেন পাঠান ভুলু, উঃ জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, বিএনপি নেতা, সফিউল আলম চৌধুরী, নাছির উদ্দিন, জাহাঙ্গীর মেম্বার, খাইরুল আলম প্রমুখ।
সকাল নিউজ/এসএফ

