ভোলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। নৌ-বাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কাঠিরমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হাসান আলী (৪৪) ও সেলিম গাজি (৪৮)। তারা ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।
নৌ-বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ধনিয়া ইউনিয়নের কাঠির মাথা এলাকায় যৌথ অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৯ রাউন্ড গুলি, ৩ রাউন্ড কার্তুজ, ২ টি দেশীয় অস্ত্র ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
নৌ-বাহিনী আরও জানায়, আটককৃতরা একটি সক্রিয় ডাকাত দলের সদস্য ছিলেন। তারা দীর্ঘদিন ধরে মানুষকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাÐ পরিচালনা করতেন। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আটক ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এদিকে যৌথ অভিযানে ডাকাত আটক হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
সকাল নিউজ/এমএম

