সরকারি চাকরিজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নে পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ক্রয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হলেও বৈঠক শেষে তিনি কথা বলেননি। তাঁর পরিবর্তে কথা বলেন বিদ্যুৎ উপদেষ্টা।
বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ‘নতুন বেতনকাঠামোর প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নের সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তী সরকার নেয়নি। সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার।’
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত। সে কারণে এই সরকার ভবিষ্যৎ সরকারের জন্য প্রস্তুতিমূলক কাজ করছে।’
ফাওজুল কবির বলেন, ‘দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বেতন কমিশনের দাবি ছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বেতন কমিশন গঠন করা হয়। সেই কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। তবে এই প্রতিবেদন বাস্তবায়নের বিষয়ে বর্তমান সরকার সিদ্ধান্ত নেয়নি।’
সকাল নিউজ/এমএম

