জোট প্রক্রিয়াটা অটুট রাখতেই ১১ দলের নির্বাচনী জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেরি হচ্ছে জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী। আমরা সময় নিচ্ছি এই কারণেই, যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘এই জোট আসন সমঝোতার জোট হলেও এটার একটা রাজনৈতিক গুরুত্ব অনেক। এটা আপনারা সকলে বোঝেন, দেশবাসীও বোঝে। একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। ’
তিনি আরও বলেন, ‘আমাদের যে এজেন্ডাগুলো রয়েছে- সংস্কার, দুর্নীতিবিরোধিতা, আধিপত্যবাদবিরোধিাতা, সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ জায়গায় অংশগ্রহণ করব। সবাই সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ করব।’
প্রসঙ্গত, জামায়াতে ইসলামীসহ আসন সমাঝোতায় থাকা ১১ দলীয় জোটের নেতাদের সংবাদ সম্মেলন আজ রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
সকাল নিউজ/এসএফ

