ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর দেশটির ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে বড় ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার দায়িত্ব নেবে এবং দেশটির বিপুল তেলসম্পদ ব্যবহার করবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন দাবি অনুযায়ী,ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করে নিউইয়র্কে নেওয়া হয়েছে। সেখানে তার বিচার হবে।
দেশটির বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পরিচালনা করবে, তবে কীভাবে ও কতদিন—সেই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
তবে এ ঘোষণার তীব্র বিরোধিতা করেছে ভেনেজুয়েলা সরকার। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ একে ‘অপহরণ’ আখ্যা দিয়ে বলেন, নিকোলাস মাদুরোই দেশের একমাত্র বৈধ প্রেসিডেন্ট।
ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার সামরিক অভিযান একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখেছেন তিনি। তার কাছে গোটা অভিযান ‘টেলিভিশন শো’-এর মতো মনে হয়েছে।এ
ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, একটি দেশের শাসনভার জোর করে নেওয়া আন্তর্জাতিক ব্যবস্থার জন্য ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ তৈরি করতে পারে।
সকাল নিউজ/এমএম

