নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ও প্রাণনাশক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গিগোষ্ঠী আইএসকে লক্ষ্য করে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি থেকে এ তথ্য জানা গেছে।
পোস্টে ট্রাম্প বলেছেন, ‘সন্ত্রাসী ময়লাদের’ বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। যারা বিশেষ করে খ্রিষ্টানদের টার্গেট করে হত্যা করছে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে বলেছেন, “আমার নেতৃত্বে, আমাদের দেশ সন্ত্রাসবাদকে সফল হতে দেবে না।”
এর আগে গত নভেম্বরে নিজ দেশের সেনাবাহিনীকে নাইজেরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, আইএস জঙ্গিদের হামলার মাধ্যমে ঠেকাতে হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছে নাইজেরিয়া খ্রিষ্টানদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। এ নিয়ে দেশটির অতি ডানপন্থিদের মধ্যেও আলোচনা হচ্ছিল।
তবে পর্যবেক্ষক সংস্থাগুলো বলেছে, তারা এমন কোনো প্রমাণ পায়নি যেখানে আইএস সন্ত্রাসীরা মুসলিমদের চেয়ে খ্রিস্টানদের বেশি হত্যা করছে।
আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ নাইজেরিয়া কার্যত মুসলিম ও খ্রিস্টানদের দ্বারা দুই ভাগে বিভক্ত।
ড্যানিয়েল বাওয়ালা নামে নাইজেরিয়ার প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেছিলেন, আইএসের তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের অভিযানকে তারা স্বাগত জানাবেন, তবে মনে রাখতে হবে নাইজেরিয়া একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।
সকাল নিউজ/এমএম

