আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন নিঃসন্দেহে অন্যতম।’
তিনি বলেন, ‘আমার দুঃখ হয়, ব্যারিস্টার মওদুদ আহমদ ফ্যাসিস্ট হাসিনার (শেখ হাসিনা) পতন দেখে যেতে পারেননি। যেটি তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন।’
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘মওদুদ আহমদ আন্তরিকতার সঙ্গে ইতিহাস চর্চার কাজটা করতেন। তিনি এ দেশের রাজনীতিতে সত্যিই একজন বিচিত্রধর্মী পুরুষ। সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা ও সত্তা ছিলেন।’
মওদুদ আহমদের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘২০১২ সালে যখন আমরা প্রায় ১৭ জন প্রথম জেলে গেলাম, তখন দেখলাম, মওদুদ আহমদ দ্রুতগতিতে ডিভিশন সেলের দিকে এগোচ্ছেন। পাশে থাকা আমানউল্লাহ আমানকে জিজ্ঞেস করলাম, ব্যারিস্টার মওদুদ এত দ্রুত যাচ্ছেন কেন? আমাকে বললেন, আপনি জানেন না। ওখানে একটা রুম আছে, রুম নাম্বার ওয়ান। উনি যতদিন জেলে থাকবেন, সেখানে লেখার কাজে উনি পুরোপুরি নিজেকে নিয়োজিত করবেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘প্রায় ১০ থেকে ১২ দিন ওই জেলে ছিলাম। দেখেছি, উনি খুব সকালে ঘুম থেকে উঠে লিখতে বসে যেতেন। উনি সারাদিন লিখতেন। শুধু খাওয়ার সময় একটু বেরিয়ে আসতেন।’
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
সকাল নিউজ/এসএফ

