ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দৃষ্টি আকর্ষণে অভিনব কৌশল বেছে নিয়েছেন কুড়িগ্রাম -৪ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রুকুনুজ্জামান শাহিন।
গতানুগতিক পোস্টার, লিফলেট আর মাইকিংয়ের ভিড়ে ভোটারদের ‘জোকার বা সঙ’ সাজিয়ে এককর্মীকে মাঠে নামিয়েছেন তিনি। বিষয়টি পুরো নির্বাচনী এলাকায় ব্যাপক প্রাণচাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে। রঙিন পোশাক পরা এক জোকারকে দেখা যাচ্ছে কুড়িগ্রাম-৪ আসনের বিভিন্ন হাটবাজার, মোড় ও জনসমাগম এলাকায়।
গানের তালে নেচে-গেয়ে আর বিচিত্র অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার এই শৈল্পিক ও হাস্যরসবোধের মিশেল বয়স্ক থেকে শিশু সবার মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ভিড় জমিয়ে এই আনন্দময় প্রচারণা উপভোগ করছেন।
অভিজ্ঞজনরা জানান, রাজনীতি মানুষের কাছে বিরক্তির নয়, বরং আনন্দ ও বিশ্বাসের জায়গা হওয়া উচিত। সাধারণ মানুষ সাধারণত রাজনৈতিক প্রচারণাকে একগুঁয়েমি এবং বিরক্তিকর মনে করেন। সে ক্ষেত্রে এই প্রার্থী বিনোদনের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। মানুষ যখন আনন্দের সাথে রাজনীতির সাথে যুক্ত হবেন, তখন দেশ ও সমাজের প্রতি তাদের দায়বদ্ধতাও বাড়বে।’
নির্বাচনী মাঠে এমন ব্যাতিক্রমী প্রচারণা সম্পর্কে ভোটাররা বলেন, ‘পোস্টার-ব্যানারের চেয়ে এই জোকার দেখে শিশুরা অনেক আনন্দ পায়। রাজনীতির পরিবেশ এমন সুন্দর ও পরিচ্ছন্ন থাকলে সাধারণ মানুষ ভোট দিতে আরও আগ্রহী হবেন।’
তরুণ ভোটারদের মতে, ভিন্নধর্মী এই প্রচারণার কারণে প্রার্থীর নাম ও প্রতীক মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ‘ব্যতিক্রমী প্রচারণা ভোটারদের মানসিক ক্লান্তি দূর করতে সহায়ক। গ্রামীণ জনপদে প্রার্থীর বার্তা সহজভাবে পৌঁছে দিতে এটি বেশ কার্যকর ভূমিকা রাখছে।’
উল্লেখ্য, কুড়িগ্রাম-৪ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী।
সকাল নিউজ/এসএফ



