নিজেদের ওয়ানডে ইতিহাসে পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করার পর ব্যাটিংয়েও রীতিমতো তাণ্ডব চালালেন বাংলাদেশের ব্যাটাররা। তরুণ পেসার নাহিদ রানার গতি আর ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পেল বাংলাদেশ।
বিশেষ করে তানজিদ তামিমের সামনে বল ফেলার জায়গা খুঁজে পাননি শাহিন আফ্রিদিরা! তার অপরাজিত ফিফটিতে বড় জয় পেয়েছে টাইগাররা।
কয়েক মাসের বিরতি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ১১৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ৮ উইকেটের জয়ে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো ব্যাটিং ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করে ৩২ বলে ফিফটি পূর্ণ করেন এই তরুণ ব্যাটার। ৪২ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬৭ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম। এছাড়া ৩৩ বলে ২৭ রান করে ফেরেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪১ রান করা পাকিস্তান; পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান।
১৯ ওভারে মাত্র ৭০ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এত কম রানে এর আগে ৬ উইকেট হারায়নি পাকিস্তান। আজ ৭০ রানে ৬ উইকেট হারানোর বাজে নজির গড়ে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান।
এদিন তরুণ পেস বোলার নাহিদ রানার গতির মুখে পড়ে ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে মিডলঅর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ ৪৭ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেন।
নাহিদ ৭ ওভারে ২৫ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
সকাল নিউজ/এসএফ

