টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ব্যাট হাতে বেধড়ক পিটিয়েছেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন।
পাওয়ার প্লে’র ৬ ওভারে ৯২ রান যোগ হয়েছে ভারতের স্কোর বোর্ডে। যা কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে রেকর্ড সংগ্রহ। পাওয়ার প্লের শেষ ওভারে জ্যাকব ডাফি দেন ২০ রান। ৩ চার ও এক ছক্কায় এই রান তোলেন অভিষেক।
আসরে অফ ফর্মের কারণে সমালোচনার শিকার হওয়া অভিষেক করলেন ১৮ বলে ফিফটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড এটি। ২১ বলে ৫২ রান করে রাচিন রবীন্দ্রর বলে উইকেটের পেছনে টিম সেইফার্টকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এর আগে, সেমিফাইনালে ফিন অ্যালেন ও জ্যাকব বেথেল ১৯ বলে ফিফটি করেছিলেন। অভিষেক আউট হলেও টিকে আছেন সঞ্জু স্যামসন। ৮ ওভার শেষে ভারতের বোর্ডে ১ উইকেটে ১১০। সঞ্জু অপরাজিত ২২ বলে ৩৮ রান করে। ৫ বলে ১২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন ইশান কিষান।
সকাল নিউজ/এসএফ

