এশিয়ান কাপের অভিষেকে শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা চীনের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের ৪৪ মিনিট পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের আটকে রেখেছিল পিটার বাটলারের শিষ্যরা।
তবে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। হারলেও চোখে চোখ রেখে লড়াই করেছেন ঋতুপর্ণা-আফঈদারা।
মঙ্গলবার (৩ মার্চ) সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে চীন। একের পর এক আক্রমণ করে তার। তবে বাংলাদেশের ডিফেন্ডাররা তা আটকে দেন। এর মাঝে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ নারী ফুটবল দলের মেয়েরা।
ম্যাচের ১৪ মিনিটে প্রায় গোলের দেখা পেয়েই গিয়েছিল বাংলাদেশ। বাঁ উইং ফাঁকা পেয়ে যান ঋতুপর্ণা চাকমা। প্রায় মাঝমাঠ থেকে বাঁ পায়ের দুরপাল্লার শট নেন। বলটা বাতাসে ভাসতে ভাসতে গোলপোস্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে শূন্যে লাফিয়ে ঠেকিয়ে দেন চীনের গোলকিপার চেন চেন।
ম্যাচের ২৪ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায় চীন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইডের কারণে তা বাতিল করে দেন। এরপর ম্যাচের ৪৪ মিনিটে ডেডলক ভাঙে চীন। দূরপাল্লার শটে গোল করলেন চীনের মিডফিল্ডার ওয়াং সুয়াং।
এরপর ৪৬ মিনিটে বক্সের বাইরে থেকে চীনের মিডফিল্ডার ঝ্যাং রুইয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ায়। এতে ২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চীন।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় বাটলারের শিষ্যরা। বেশ কয়েকবার চীনের দূর্গে হানা দেয় ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তারা। বাংলাদেশের আক্রমণে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে ব্যর্থ হন চীনের ফুটবলাররা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
সকাল নিউজ/এসএফ

