মেজর লিগ সকারের ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটিকে হারিয়েছে ইন্টার মায়ামি। এদিন অরল্যান্ডোর বিপক্ষে শুরুতে দুই গোলে পিছিয়ে ছিল লিওনেল মেসির দল। কিন্তু দলের ভীষণ প্রয়োজনে জ্বলে ওঠেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড জোড়া গোল এবং এক এসিস্ট করে দলকে জেতান।
স্থানীয় সময় গতকাল রবিবার রাতে হওয়া এই ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৪-২ ব্যবধানে হারায় মায়ামি। গত সপ্তাহে আসরের প্রথম ম্যাচে হারের পর এই জয়ে স্বস্তিতে ফিরল তারা।
খেলার শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার মায়ামিকে চেপে ধরে অরল্যান্ডো সিটি। ১৮ মিনিটে ক্রোয়েশিয়ান উইঙ্গার মার্কো পাসালিচ গোল করে দলকে এগিয়ে দেন। মিডফিল্ডে মায়ামির ফুটবলাররা বল হারালে ইভান আঙ্গুলোর ক্রস থেকে নিচু শটে জালে বল পাঠান তিনি। এর ৬ মিনিট পরেই মায়ামির রক্ষণভাগকে বোকা বানিয়ে গ্রিফিন ডরসির পাস থেকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিন ওজেদা।
২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর পাল্টা আক্রমণ করে মায়ামি। প্রথমার্ধেও চেষ্টায় ব্যর্থ হলেও বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তি ৪৯ মিনিটে ২৫ গজ দূর থেকে এক চোখধাঁধানো শটে গোল করে ব্যবধান কমান। এর ৮ মিনিট পর মেসি নিজের প্রথম গোলটি করেন। ডি-বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত এক শটে স্কোরলাইন ২-২ করেন তিনি।
ম্যাচের শেষ দিকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় মায়ামি। ৮৫ মিনিটে মেসির সহায়তায় মায়ামিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিচু ফ্রি-কিক নিয়ে দলের চতুর্থ ও নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন মেসি।
সকাল নিউজ/এমএম

