২০০৯ সালে ১৭ বছরে সান্তোসের জার্সিতে শুরু পেশাদার ফুটবল। সেই জার্নিটার শেষটা হতে যাচ্ছে ৩৪ বছর বয়সী নেইমারের। অবসর নিতে পারেন চলতি বছর শেষে। ব্রাজিলের অনলাইন চ্যানেল কেজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এ ভাবনার কথা জানিয়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড।
সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে গত বছরের জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। এ বছরের শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ক্লাবটির সঙ্গে। ক্রমাগত চোটে বিপর্যস্ত নেইমার সান্তোসকে ব্রাজিলের শীর্ষ লিগে টিকিয়ে রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত ডিসেম্বরে হাঁটুতে অস্ত্রোপচার করানোয় জানুয়ারিতে ব্রাজিলিয়ান মৌসুমের শুরুতে খেলতে পারেননি। মাঠে ফেরেন গত সপ্তাহে।
মূলত ক্যারিয়ারজুড়ে একের পর এক চোট এবং বর্তমান ফিটনেস সমস্যাই তাকে এমন কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে।
২০২৬ বিশ্বকাপে খেলা নেইমারের অন্যতম বড় লক্ষ্য। তবে ২০২৩ সালের অক্টোবরের পর চোটের কারণে তিনি আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি। কোচ কার্লো আনচেলত্তি তার জন্য জাতীয় দলের দরজা খোলা রাখলেও শর্ত দিয়েছেন পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার। নেইমার নিজেও মনে করেন, বর্তমান অবস্থায় বিশ্বকাপে জায়গা করে নেওয়া এক ‘বড় চ্যালেঞ্জ’।

