নানা জল্পনাকল্পনার পেরিয়ে অবশেষে ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে তারা।
আজ পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সরকার আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।’
একই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়, ‘…তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’
পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলের বিবৃতি উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে ডন ও জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমও।
উল্লেখ্য, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তানও প্রতিযোগিতা বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল। তবে তার মধ্যে এ-ও জানা গিয়েছিল, পুরো প্রতিযোগিতা নয়, শুধুমাত্র ভারতের বিরুদ্ধে খেলবে না তারা।
এই বিষয়ে সিদ্ধান্ত পাকিস্তান সরকারের উপর ছেড়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত শাহবাজ় শরিফ সরকার সিদ্ধান্ত নিল, ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। অর্থাৎ, বিশ্বকাপে যে ম্যাচের উপর ক্রিকেটপ্রেমীদের নজর ছিল, সেটাই হচ্ছে না।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে ২০ দলের বিশ্বকাপ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় বোর্ড ও আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। উদ্বোধনী দিন নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।
সকাল নিউজ/এসএফ
সকাল নিউজ/এসএফ

