আসন্ন টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বের খেলায় এবার স্কটল্যান্ডকে উড়িয়ে দিল নিগার সুলতানা জ্যোতির দল। এতে দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাঘিনীরা।

নেপালের কীর্তিপুরে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত থেকে গ্রুপ পর্বে চার ম্যাচ জয়ের পর সুপার সিক্সেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন জ্যোতিরা। সুপার সিক্সে থাইল্যান্ড, স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

আজ ব্যাট হাতে ১৯২ রানের লক্ষ্যে নেমে ১০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে স্কটিশরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬.৩ ওভারে ৯ উইকেটে ৭৮ রান করে স্কটল্যান্ড। দশম উইকেটে পিপ্পা স্প্রুল ও অলিভিয়া বেলের ২৩ রানের জুটিতে স্কটিশরা কোনোমতে ১০০ অতিক্রম করে। অবশেষে ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানে আটকে যায় স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের দলীয় সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত থাকেন স্প্রুল। ২৩ বলের ইনিংসে ৩ চার মেরেছেন। বাংলাদেশের তারকা পেসার মারুফা আকতার ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। স্বর্ণা আক্তার নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ১৩ রান খরচ করেছেন বাংলাদেশের এই লেগস্পিনার।

শুরুতে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতির ব্যাটেই এসেছে ইনিংস সর্বোচ্চ রান। ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই। স্কটল্যান্ডের প্রিয়ানাজ চ্যাটার্জি, ক্লো আবেল, ক্যাথেরিন ফ্রেজার নিয়েছেন একটি করে উইকেট। বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা (১৫) ও স্বর্ণা আক্তার (৫) রানআউটের শিকার হয়েছেন।

চলতি বছরের জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ দল আগেই ঠিক হয়েছে। বাকি ৪ দল চূড়ান্ত পর্বে যাবে বাছাইপর্ব খেলে। বাংলাদেশ-নেদারল্যান্ডস এরই মধ্যে বাছাইপর্ব উতরে মূল পর্বে উঠে গেছে।
পরশু মুলপানিতে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। একই দিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে কীর্তিপুরে নেদারল্যান্ডস বৃষ্টি আইনে ২১ রানে জিতেছিল। তাতেই মূলত নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের মূল পর্বে খেলা। পরশু মুলপানিতে নেদারল্যান্ডসের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version