থাইল্যান্ডের নন্থাবুরি স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ বাংলাদেশ দল। ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচে মালদ্বীপকে পাত্তাই দেয়নি সাবিনা খাতুনের দল।
আজ রোববার (২৫ জানুয়ারি) ম্যাচের শুরুতে গোল হজম করে কিছুটা ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তবে সেই অস্বস্তি কাটতে সময় লাগল মাত্র কয়েক মিনিট। এরপর শুরু হয় সাবিনা-লিপিদের গোল উৎসব। মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়ে প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
‘ড্র করলেই চ্যাম্পিয়ন’—এমন সমীকরণ সামনে রেখে খেলতে নামা বাংলাদেশকে ম্যাচের তৃতীয় মিনিটেই চমকে দেয় মালদ্বীপ। গোলকিপার স্বপ্না আক্তার ও ডিফেন্ডার মাসুরা পারভীনের ভুল বোঝাবুঝিতে আত্মঘাতী গোল করে বসে বাংলাদেশ। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মালদ্বীপ।
৫ম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান অধিনায়ক সাবিনা খাতুন। ফলে শুরুর ধাক্কা শামলিয়ে আক্রমণের ঝড় বইয়ে দিয়ে মালদ্বীপকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পেতে শুরু করে বালাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে মালদ্বীপের রক্ষণভাগকে তছনছ করে দিয়ে আরো ৮টি গোল যোগ করে বাংলাদেশ।
সাফ নারী ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপা নির্ধারণী এই ম্যাচে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। একাই করেছেন ৪টি গোল। পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য ফর্মে থাকা সাবিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দিয়ে মালদ্বীপকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পেতে শুরু করে মেয়েরা। দ্বিতীয়ার্ধে মালদ্বীপের রক্ষণভাগকে তছনছ করে দিয়ে আরো ৮টি গোল যোগ করে বাংলাদেশ। ১৪-২ গোলের এই জয়টি চলতি টুর্নামেন্টের এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড।
৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ ছিল অপ্রতিরোধ্য। ৬টি ম্যাচের মধ্যে ৫টিতে জয় এবং ১টিতে ড্র করে মোট ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভুটান। টুর্নামেন্টে বাংলাদেশ মোট ৩৮ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৯টি। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি ভুটানের সঙ্গে ড্র করে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুলল লাল-সবুজের প্রতিনিধিরা।
ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ ড্র করার পর নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শিরোপার সুবাস পেতে শুরু করে সানজিদা-কৃষ্ণারা। আজ মালদ্বীপকে বিধ্বস্ত করে সেই মিশন পূর্ণ করল তারা।
২০১৮ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মাধ্যমে মেয়েদের ফুটসালে পথচলা শুরু হয়েছিল। এরপর দীর্ঘ ছয় বছর এই কার্যক্রম বন্ধ ছিল। গত বছরের শেষদিকে বাফুফে নতুন করে দল গঠনের উদ্যোগ নেয়। সেই প্রচেষ্টারই ফসল এই আন্তর্জাতিক শিরোপা।
এদিকে ব্যাংককে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ চলছে। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সেখানে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে মালদ্বীপ। অন্যদিকে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের ছেলেরা।
সকাল নিউজ/এসএফ

