ভারতে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কায় দেশটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (আইসিসি)। আইসিসির অনুরোধের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি।
এ বিষয়ে বিসিবিকে বোঝাতে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। তবে এই বৈঠকেও বিসিবির সিদ্ধান্ত অনড় থাকবে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিপিএলের ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন মিঠু। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কাল আসছে (আইসিসির প্রতিনিধি দল)। পুরো প্রোগ্রামটার বিষয়ে সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) জানেন। সভাপতি, সহ-সভাপতিরা বসবেন (প্রতিনিধি দলের সঙ্গে)। আশা করছি একটা ভালো ফলাফলের।’
তিনি আরও বলেন, ‘প্রথমে আমরা একটা মেইল দিয়েছি, তারা উত্তর দিয়েছে। আমরা আবার মেইল দিয়েছি, তারপরে একটা জুম মিটিং হয়েছে। মিটিংয়ের পর এখন তারা বলছে সামনাসামনি বসে সমাধান করতে চায়। আমাদের অবস্থান একটাই, আমরা আগের অবস্থান থেকে সরিনি। দেখা যাক, কাল কী ফলাফল আসে। আমরাও চাই খেলাটা হোক।’
বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরবে না জানিয়ে মিঠু বলেন, ‘ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও হয়তো হবে (আইসিসির প্রতিনিধি দলের)। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমাদের বোর্ড, সরকার- সবাই আমরা মনে করি আমাদের দল সেখানে নিরাপদ না। শুধু খেলোয়াড়ই নয়, সমর্থক এবং সাংবাদিকরাও। এটা নিয়েই আলাপ হবে। সভাপতি নিজেই এটা সামলাচ্ছেন। দেখা যাক কী হয়। বিষয়টি তো এখনও এক জায়গায়ই দাঁড়িয়ে আছে, এটা ইতিবাচক যে তারা আসছেন এটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য।’
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বিসিবিকে অনুরোধ জানায় আইসিসি। তবে বিসিবি সাফ জানিয়ে দেয়, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।
সকাল নিউজ/এসএফ

