মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

যেকোনো পেশাদার ফুটবলারদের কাছে অর্থ উপার্জনই মুখ্য বিষয়। তবে হামজা চৌধুরীর কাছে অর্থের চেয়ে দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নই বড় বিষয়। সেটি তিনি বারবার প্রমানও করেছেন। এ বিষয়ে হামজা বলেন, ‘আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি, সেটাই মূল বিষয়।’

সেই উন্নতিতে নিজের সামর্থ্যমতো অবদান রাখাই বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ বলে জানান তিনি। তার ভাষায়, ‘বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আসাটা উপভোগ করি। বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করতে।’

ভারত ও নেপাল ম্যাচকে সামনে রেখে দেশ এসেছেন হামজা চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) বিকাল ৫টার দিকে ঢাকায় পা রাখেন তিনি। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে দেশের অন্যতম বৃহৎ মোবাইল অপারেটর রবির দূত হয়েছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের ভাবনার কথা বলেছেন হামজা।

বাংলাদেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় দারুণ খুশি হামজা। তিনি বলেন, ‘আমি শুধু চাই এই দেশের অংশ হতে পেরে গর্ব করতে এবং যেকোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে। বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য। প্রতিটি সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে, আর আমি মনে করি আমি ভাগ্যবান যে আমি পুরো জাতিকেই গর্বিত করতে পারি।’

হামজা বলেন, ‘আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার বাচ্চারা বলে তারা বাংলাদেশে ফিরতে চায়। তাই ইনশাআল্লাহ, তারা মার্চে আবার ফিরে আসবে।’

বাংলাদেশের মাটি থেকেও অনেক ফুটবলার বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করে হামজা বলেন, ‘শুধু দেশের বাইরে থেকে নয়, দেশ থেকেও আমরা অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসতে দেখবো। ইনশাআল্লাহ হয়তো একদিন তারা ইউরোপেও খেলবে। ইনশাআল্লাহ, আমরা সবাই দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে যেতে পারবো। সবাই মিলে প্রাণপণ চেষ্টা করে দেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে পারবো, খেলাটা আরও বড় করতে পারবো এবং প্রচুর উন্নতি করতে পারবো।’

আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই দুই ম্যাচেই জয়ের আশা করছেন হামজা, ‘ইনশাআল্লাহ, আমার সামনে দুটা ম্যাচ আছে। তাই আমি এখন সম্পূর্ণভাবে সেই ম্যাচগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি। নিশ্চিত করবো যে শতভাগ মনোযোগ দিয়ে যেন খেলতে পারি এবং নিজের সেরাটা দিতে পারি। যা আমাদের জিততে সহায়তা করবে। বিশেষ করে ভারতের বিপক্ষে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version