কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বহরে থাকা গাড়ির ধাক্কায় মো. খালেদ বিন ওয়ালিদ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এই ঘটনা ঘটে। আহত শিশুকে উদ্ধার করে নিকটস্থ বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এমপির গাড়ির পেছনে থাকা ৩ নং গাড়ির ধাক্কায় শিশুটি আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় উত্তেজিত জনতা বহরে থাকা গাড়ি ভাংচুর করে। পরে স্থানীয় কিছু ব্যক্তি সংসদ সদস্য আলমগীর ফরিদসহ তাদেরকে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
গাড়ির বহরে থাকা তারেক রহমান জানান, মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচন পরবর্তী তার নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফরে যান। সেখান থেকে ফেরার পথে বদরখালী প্রধান সড়কে শিশুটি বহরে থাকা একটি গাড়িতে ধাক্কা লেগে আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে শিশুটির মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এই বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এমপির গাড়িতে নয় তার বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটি বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলাম ও সুমাইয়া দম্পতির সন্তান। সে স্থানীয় নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সকাল নিউজ/এসএফ

