বান্দরবানের লামা উপজেলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
“আহলান সাহলান মাহে রমজান, খোশ আমদেদ মাহে রমজান” স্লোগানে মুখরিত র্যালিটি লামা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লামা উপজেলা সভাপতি মোহাম্মদ হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মোহাম্মদ ইব্রাহীম।
এ সময় বক্তারা বলেন, “রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবার সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এ মাসের শিক্ষা কাজে লাগিয়ে একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
বক্তারা আরও বলেন, “রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় ধূমপান ও পানাহার থেকে বিরত থাকা, হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা পরিহার করতে হবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লামা উপজেলা সভাপতি মোহাম্মদ আকবর, সহ-সভাপতি শামসুল হক, বাংলাদেশ মসজিদ মিশন লামা উপজেলার সভাপতি মাওলানা কাজী ইলিয়াস, জামায়াতের যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মো. আজিম প্রমুখ।
সকাল নিউজ/এসএফ

