দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো গ্রেপ্তার হয়েছেন। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তাদের হাতে (নাবু) তিনি গ্রেপ্তার হন বলে সংস্থাটি গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজহাজিরার প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার গোপনে দেশত্যাগ করছিলেন সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। এসময় তাকে জাতীয় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা গ্রেপ্তার করেন। বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন।
জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন গালুশচেঙ্কো। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ওঠে।
গালুশচেঙ্কোর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে নিজের প্রভাব খাটিয়ে দেশের জ্বালানি খাতে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে বিনিয়োগের সুযোগ করে দিয়েছিলেন। এছাড়া বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার তার বিরুদ্ধে। এসব অভিযোগ ওঠার পর গত নভেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তারপর গতকাল দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার করা হলো তাকে।
সূত্র : আলজাজিরা

