‘আমার ভোটটা কে জানি দিয়া লাগছে বাবা, আমি ভোট দিতে গেলে স্যার কয় আপনার ভোট দেওয়া হয়ে গেছে।’ এমনটাই বলছিলেন নারী ভোটার জাহানারা বেগম।
সারাদেশে সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ৪ নং সুবিল ইউনিয়নের শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মহিলা বুথে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নারী ভোটার জাহানারা বেগম ভোট দিতে আসলে পুলিং অফিসার জানায় তার ভোট দেওয়া হয়ে গেছে, তবে ভোটার এর আগে ভোট দিতে কেন্দ্রেই আসেনি বলে জানায় এবং তার হাতে ভোট দেওয়ার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। কেন্দ্রে জাল ভোট হয়েছে বলে অভিযোগ তুলেছেন কেন্দ্রের একাধিক উপস্থিত ভোটার।
ভোট দেয়া থেকে বঞ্চিত জাহানারা বেগম আরও বলেন, ‘আমি ভোট কেন্দ্র আসার পর দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমার ভোটার নম্বর ২৬৮, ভোটার আইডি নং ১৯৩৫৯৭১০১৬২৪, পিতা:সুরুজ মিয়া, মাতা: বানু বিবি। আমি ভোট দিতে গিয়ে অফিস্যারদের জিগ্যাসা করলে তারা বলেন আপনার ভোট হয়ে গেছে, অথচ আমি এর আগে ভোট দেইনি, কেন্দ্রেই আসিনি। ভোট দিলে তো হাতে কালি লাগানো থাকতো দেখেন তাও নাই।’
এবিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এহসানুল হক বলেন, ‘যারা পোলিং অফিসার ও প্রার্থীর এজেন্ট ছিলো তারা এ বিষয়ে সচেতন থাকার প্রয়োজন, তবে জাহানারা বেগম এর ভোটটা কে বা কাহারা প্রয়োগ করেছে তা জানা নেই।’
তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা তার ভোটটা নির্বাচন কমিশনের বিধি মোতাবেক আবার পুনরায় স্ট্যান্ডার ভোট হিসাবে তার পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করার সুযোগ দেওয়া হবে।’
তবে যে ভোট হয়ে গেছে তা কি করা হবে জানতে চাইলে তিনি এবিষয়ে কিছু বলতে পারেননি। ঐ কেন্দ্রে মোট ভোটার ছিল ২০৪৯। ৪টি বুথে ভোট গ্রহন চলছে।
এ ছাড়াও উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একই অভিযোগ পাওয়া গেছে। এখানে শাহনাজ বেগম নামের এক নারীর ভোট কে বা কাহারা দিয়ে ফেলেছেন।
তিনি ভোট কেন্দ্রে এসে ভোট না দিয়েই বাসায় চলে যেতে হয়েছে, বিষয়টি সেনাবাহিনীর টিমকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। ভোট দেয়া থেকে বঞ্চিত শাহনাজ বেগম একই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন রুহুল এর আম্মা। বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার।
কুমিল্লা-৪ দেবীদ্বার এই আসনে ভোটের মাঠে লড়ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, প্রতীক শাপলা কলি। বিএনপি সমর্থিত গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের আব্দুল করিম ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকের প্রার্থী আরফানুল হক। চলছে ভোট যুদ্ধ।
সকাল নিউজ/এসএফ


