কুমিল্লার দেবীদ্বারে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লার কর্মী-সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিনের ৩ কর্মী-সমর্থক আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার ৩ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর দক্ষিণ বাজারে।
আহতরা হলেন- ৩ নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র মাইক প্রচারক মো. গোলাম হাক্কানি(৪৩), একই গ্রামের জনু মিয়ার পুত্র সিএনজি চালক সুমন(৩০) ও ছত্তর মিয়ার পুত্র প্রতিবন্দী সুজন(২০)। আহত ৩ জনই বিএনপি সমর্থক ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের পক্ষে সিএনজিযোগে মাইকিং প্রচারণায় নিয়োজিত ছিলেন।
আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে গুরুতর আহত মো. গোলাম হাক্কানি(৪৩)কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। তিনি মাথায় মারাত্মত আঘাত প্রাপ্ত হয়েছেন। এ ঘটনায় গোলাম হাক্কানির ভাই ফয়েজ আহমেদ সরকার বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
এবিষয়ে আহত গোলাম হাক্কানীর ভাই ফয়েজ আহমেদ সরকার জানান, ট্রাক প্রতীকের প্রচারে নিয়োজিত সিএনজি ও মাইক প্রচার শেষে প্রচারসামগ্রী দোকানে জমা দিতে আসলে এনসিপির স্থানীয় সমর্থক প্রবাসী কামাল হোসেনের নেতৃত্বে ২৫/৩০জন কোন কারণ ছাড়াই সিএনজির উপর অতর্কিত হামলা চালিয় এবং সিএনজিতে থাকা তার ভাই হাক্কানী, সিএনজি চালক সুমন ও সিএনজিতে থাকা প্রতিবন্দী সুজনকে পিটিয়ে মারাত্মক আহত করে।
এবিষয়ে ওয়াহেদপুর গ্রামের এনসিপি সমর্থক আলী হোসেন(৩০) জানান, প্রবাসী কামাল হোসেন ৮ টার পর মাইকিং করা নিষেধ এবং ঘুমের ক্ষতি হয় বলায় তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
উল্লেখ্য, এ আসন থেকে জামায়েতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করছেন। অপরদিকে এ আসনের বিএনপির দলীয় প্রার্থী সাবেক টানা চার বারের নির্বাচিত সাংসদ ও বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিলের পর, বিএনপি দলীয় জোটের ‘গণঅধিকার পরিষদের’ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সমর্থন দিয়ে মাঠে নামে বিএনপি।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শুনেছি ট্রাক প্রতীকের সমর্থকরা মাইকিং প্রচারণা শেষে ফেরার পথে এনসিপির সমর্থকদের হামলায় ২/৩ জন আহত হয়েছে। এদের মধ্যে একজন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়ার কথা শুনেছি, তবে এখনো অভিযোগ হাতে পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
সকাল নিউজ/এসএফ

