গণভোট ও পিআর ছাড়া নির্বাচন হবে না এমন দাবিদাওয়া ও মিছিলের মাধ্যমে কিছু মহল নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব বিষয়ে দলগুলো একমত হবে, সেগুলোর ওপর জুলাই সনদে স্বাক্ষর হবে এবং বাকি মতের জন্য গণভোট হবে।’

দ্রুত নির্বাচন দেওয়ার অনুরোধ করে তিনি বলেন, ‘আমরা হিংসার রাজনীতি চাই না, হিন্দু-মুসলিম বিভেদ চাই না, সবাই মিলে শান্তিতে থাকতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন।’

ফখরুল বলেন, ‘ভাগাভাগি করবেন না, দেশটার ক্ষতি করবেন না। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই। ভুলে যাবেন না, আমাদের প্রতীক ধানের শীষ।’

তিনি বলেন, ‘অতীতে আমরা সরকারে ছিলাম, কিভাবে দেশ পরিচালনা করতে হয় জানি। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হবে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version