প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে আজ থেকে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
এর আগে তিনি একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে নিহত, আহত ও নির্যাতিত সব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ পর্যন্ত দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রালগ্নে আমি তাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রালগ্নে দেশের স্বাধীনতাপ্রিয়-গণতন্ত্রকামী বীর ছাত্রজনতাকে অভিনন্দন জানান।

