পটুয়াখালীতে গ্রেপ্তার হয়েছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার। পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় র্যাব-৮ ও র্যাব-২ এর একটি যৌথ দল মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কাউসার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।
র্যাব জানায়, পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের কেউয়াবুনিয়া এলাকার বাসিন্দা শানু ওরফে মামুন মৃধার ছেলে কাউসার দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় বসবাস করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় একটি মাদক স্পট নিয়ন্ত্রণ করতেন।
জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) ভুক্তভোগী ও তার বন্ধুরা মিলে ওই মাদক স্পটটি বন্ধ করে দিলে ক্ষিপ্ত হন কাউসার ও তার সহযোগীরা। এরই জেরে মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় ভুক্তভোগীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় কাউসার বাহিনী। এতে তারা রক্তাক্ত জখম হন। ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা হলে কাউসার পটুয়াখালীতে এসে আত্মগোপন করেন।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, অভিযুক্ত সন্ত্রাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে বারবার অবস্থান পরিবর্তন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মুসলিমপাড়া এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় র্যাব-২ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
সকাল নিউজ/এসএফ

