গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন নাতনি ও তারেক রহমান–এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এবার ছয়টি ক্ষেত্রে ছয়জন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। গণতন্ত্রের অগ্রযাত্রায় খালেদা জিয়া, অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মোছা. ববিতা খাতুন, সফল জননী নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবনসংগ্রামে জয়ী মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন এ সম্মাননা পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল।
তিনি আরও বলেন, নারীদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্ব সমাজকে এগিয়ে নিতে পারে। সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের সব ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যাবে।
ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ এমন দেশ হিসেবে গড়ে উঠবে যেখানে সব নারী নিরাপদে বসবাস করতে পারবেন। নারী দিবস হোক সাম্য, ন্যায় ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন।
এসআর/সকাল নিউজ

