বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বাংলাদেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
আতিকুর রহমান জানান, বেকার তরুণ-তরুণীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার তাগিদ দেন, যাতে তরুণরা সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে সহজে চাকরির সুযোগ পেতে পারেন।
প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, বিদেশে যাওয়ার খরচ মেটাতে কাউকে যেন নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়। এ জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজতর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল নি উজ/এম

