শ্রমিকদের বকেয়া বেতন আগামী ৭ কর্মদিবসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে ১২ মার্চের মধ্যে ঈদ বোনাস পরিশোধের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সিরডাপে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৩তম সভায় তিনি এ নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন।

সভায় শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে নির্দেশনা দিয়ে শ্রমমন্ত্রী বলেন, ‘মালিকপক্ষ ও শ্রমিকপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে, যেন জনভোগান্তি সৃষ্টি না হয়।’ শ্রমিকদের কোনো কারণ ছাড়া লে-অফ বা ছাঁটাই করা যাবে না বলেও জানান তিনি।

শ্রমিকদের ছুটির বিষয়ে মন্ত্রী বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করবেন।’

বিশেষ অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ ও বিশ্বের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে কোনোভাবেই যেন শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয়, তাই বেতন-ভাতা সঠিক সময়ে পরিশোধ করতে হবে।’

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version