‘জনগণ আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে, একটা পয়সাও খরচ করিনাই। ১শ টাকাও খরচ হয়নি আমার এমপি হইতে। তাই আমার দায়বদ্ধতা হচ্ছে দেবীদ্বারের মানুষের কাছে। যে ভোট দিছে তার কাছে, যে ভোট দেয় নাই তার কাছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে, আমি শতভাগ দিয়ে দেবীদ্বারকে একটি নাগরিক বান্ধব দেবীদ্বার গড়ে তোলার জন্য চেষ্টা করবো।’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় কুমিল্লা-৪ দেবীদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘দালাল মুক্ত দেবীদ্বার থানা গড়ে তুলতে হবে। কোনো চাঁদাবাজ, ধান্দাবাজ, দালাল, টেন্ডারবাজ, ডিলার কারো কাছে আমার কোনো দায়বদ্ধতা নেই। কে কি তা দেখার বিষয় না, আমার কাছে কে অপরাধী- কে অপরাধী না এইটা দেখার বিষয়।’

এসময় হাসনাত আব্দুল্লাহ গোমতী নদীতে মাটি কাটার বিষয় তুলে ধরে বলেন, ‘গোমতী নদী থেকে আর যেনো এক কোদাল মাটি কাটা না হয়। সে বিষয়ে আপনারা (প্রশাসন) ব্যাবস্থা গ্রহন করবেন। ইতিমধ্যে অভিযোগ এসেছে থানা ম্যানেজ করেই মাটি কাটা হয়, হয়তো সমঝোতার ভিত্তিতে মাটি কাটা হয়। আমরা চাই পুলিশ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

জনদুর্ভোগ সৃষ্টি করে ফুটপাত দখল করে ব্যাবসা পরিচালনায় জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেবীদ্বারে ফুটপাত দখল করে কোনোভাবেই ব্যাবসা পরিচালনা করা যাবে না, সেক্ষেত্রে জিরো টলারেন্স। জেলা পরিষদ মার্কেটে অথবা পৌরসভার মার্কেটে তাদের বসতে হবে এর বাইরে না। আগামী তিন দিনের মধ্যে তাদেরকে সেখানে চলে যাওয়ার আহবান জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

কিশোরগ্যাং এবং ইভটিজিং প্রতিরোধের ক্ষেত্রে দেবীদ্বার পৌরসভার শান্তিরোড এবং নিউমার্কেট এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

দেবীদ্বার থানা পুলিশকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আজকের পর থেকে দেবীদ্বার থানায় কোনো দালাল থাকবে না। আমি সাধারণ মানুষের জায়গায় দাঁড়িয়ে দেবীদ্বারকে দেখছি। যারা সরকারি যে বেতন সুযোগ সুবিধা দেয় তা নিয়েই চাকরি করতে হবে দেবীদ্বারে। যাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে দেবীদ্বার থানা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্রশাসন আমাদের বিরুদ্ধে না এবং আমরাও প্রশাসনের বিরুদ্ধে না। আমরা একে অপরের পরিপূরক। আমাদের কো-অপারেশনের মাধ্যমে একটি সুন্দর দেবীদ্বার গড়তে চাই। সকলের সহযোগিতার ভিত্তিতে একটি সুখি সমৃদ্ধ ও উন্নত নাগরিকবান্ধব দেবীদ্বার গড়ে তুলতে পারবো।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version