যাত্রীবাহী বাসের সাথে সেনাবাহিনীর থ্রি টন ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড় এলাকায় কাকলি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল, বাসচালক আব্দুল বাসেত।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, বুধবার সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম সম্পন্ন করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে বালিয়া মোড়ে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর থ্রি টন ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।’
তিনি আরও জানান, এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনকে ভর্তি করা হয়েছে এবং ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আরও ৬ জনকে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে থ্রি টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত (৫০) মারা যান।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকার ময়মনসিংহগামী সেনাবাহিনীর একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় বাস ও ট্রাকের দুই চালক নিহত হন। এতে অন্তত ১৫ জন আহত হয়। এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দুর্ঘটনার পরপরই ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল নিউজ/এসএফ

