ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে অংশ নেয় ৫০টি রাজনৈতিক দল। এরমধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। চট্টগ্রাম-২ ও চট্রগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করা হবে আদালতের মামলা নিষ্পত্তির পর।
তবে এবারের নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে তা নিয়ে বেশ কৌতুহল রয়েছে দেশের মানুষের মধ্যে। দলগুলোর প্রাপ্ত ফলাফলে দলগত সূচক জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভূমিধস বিজয় পাওয়া বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির তৈরি দলভিত্তিক প্রাপ্ত ভোটের হারসংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ইসির ঘোষিত ফলাফল অনুযায়ী এবারের নির্বাচনে ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোটের পক্ষে ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।
নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি। এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে ১টি। গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিস পেয়েছে ১টি করে আসন। অন্যদিকে জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসনই পায়নি।
অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩ দশমিক ০৫ শতাংশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ২ দশমিক ০৯ শতাংশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়েছে।
সকাল নিউজ/এসএফ


