৯৫ হাজার ৪৯১ ভোট বেশি পেয়ে ঠাকুরগাঁও-১ আসনে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি মোট ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৩৩টি ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল নিউজ/এসএফ

