সিলেট-৪ আসনে বিশাল ব্যবধানে জয় পেয়ে চমক দেখালেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। লাখের অধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।
বেসরকারি সূত্রে পাওয়া খবরে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত আসনটির ১২৫টি কেন্দ্রের সব কটির ফলে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৮১ হাজার ৬০৯ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৮৭৬ ভোট। আসনটিতে এক লাখ ১৫ হাজার ৭৩৩ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে পরাজিত করে বিজয়ী হয় ধানের শীষ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল নিউজ/এসএফ

