সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়ে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা প্রস্তুত রয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকেও পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নৌবাহিনীর কন্টিনজেন্টে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।
এরআগে, তিনি ভোলার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন এবং ভোলা ও চরফ্যাশনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। শেষে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নৌবাহিনী প্রধান বলেন, ‘একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি যেন গৃহীত হয় এবং মূল কাজটি করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ। ভোটগণনা শেষ হওয়া এবং ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত এবং ফলাফল-পরবর্তী যেন আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে সে জন্য নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীরা প্রস্তুত থাকবে।’
তিনি আরও বলেন, ‘দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় বিশেষ জলযান এবং হেলিকপ্টার নিয়োজিত থাকবে। ভোটের নিরাপত্তায় নৌবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকাপ্টার জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।’
এ সময় ভোলা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সকাল নিউজ/এসএফ


