আগামী ১২ তারিখে নির্বাচনে বিএনপি জয়যুক্ত হলে দিনাজপুরের লিচুকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে হিমায়িত করে বিদেশে রপ্তানি করা হবে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই এলাকার কাটারি চাল বিখ্যাত চাল। এই চালকে কারখানার মাধ্যমে আমরা পৃথিবীর আনাচে-কানাচে পৌঁছে দিতে চাই।’
তিনি বলেন, ‘সারা বাংলার মানুষ জানে দিনাজপুরকে কৃষিপ্রধান অঞ্চল হিসেবে। আমরা চাই কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প ধীরে ধীরে গড়ে তুলতে। তাহলে এই অঞ্চলের জগদ্বিখ্যাত লিচু প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করতে পারব।’
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘এই এলাকায় শুধু রপ্তানিমুখী বা শিল্প কারখানা করলেই হবে না। এখানকার অনেক সন্তান শিক্ষিত হয়ে আছে, আমরা এই এলাকায় বিভিন্ন ট্রেনিংয়ের জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করতে চাই। এই ইনস্টিটিউটের মাধ্যমে আমরা বিদেশি ভাষা শিক্ষা দিতে চাই। যাতে করে তারা দেশে কিংবা বিদেশে বসে আয় করতে পারে।’
তারেক রহমান বলেন, ‘এই এলাকার নারী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সারা দেশের নারীদের ফ্রি শিক্ষা করেছিলেন এইচএসসি পর্যন্ত। এই নারীদের কাছে যেমন শিক্ষা ফ্রি ছিল তেমনি আমরা তাদেরকে ফ্যামিলি কার্ড দিতে চাই। যার মাধ্যমে তারা ধীরে ধীরে অর্থনীতিভাবে সাবলম্বী হবেন।’
এ সময় দিনাজপুর জেলার ধানের শীষের মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেন। মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ চার উপজেলা ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকমীরা উপস্থিত ছিলেন।
সকাল নিউজ/এসএফ

