জামায়াত ইসলাম এখন আর ইসলামের মধ্যে নেই মন্তব্য করে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘তাদের কার্যক্রমে আর ইসলাম দেখা যায় না। জামাতের ওপর আমেরিকার টিপস ঢুকে আছে।’
জনগণের উদ্দেশে তিনি বলেন, যখন দেখলাম জামায়াত আর ইসলামের মধ্যে নেই, যখন দেখলাম জামায়াতের মধ্যে আমেরিকার টিপস ঢুকে গেছে তখন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে থাকতে পারে না।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পাথরঘাটা কে.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘আজ বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর। যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিলো তার বাস্তবায়ন দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি বিশ্বে দুর্নীতিতে ৫ বার প্রথম হয়েছে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আওয়ামী লীগ, বিএনপিও কিন্তু আমাদের আমন্ত্রণ জানিয়েছিল আমরা তখন এমপি-মন্ত্রী হতে পারতাম। যেখানে জনগণের কল্যাণ নেই, যাদের মধ্যে ইসলাম নেই যাদের মধ্যে ভালোবাসা নেই যেখানে দুর্নীতি আছে তাদের সঙ্গে আমরা নেই।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা ২ আসনের মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, ‘যারা ইসলামের নামে ধোকাবাজি করে, যারা ক্ষমতার লোভের জন্য ইশতেহারে ইসলাম বাদ দিতে পারে তারা কোনো ইসলামিক দল নয়। আমরা সবাই চাই ইনসাফের রাজনীতি, যে দল নিজেদের শরিকদের সঙ্গে ইনসাফ করতে পারেনি তাদের সঙ্গে ইসলামী আন্দোলন থাকতে পারে না।’
তিনি বলেন, ‘আমি যদি বিজয়ী হই পাথরঘাটা হবে চট্টগ্রাম, আমি বিজয়ী হলে পাথরঘাটা আধুনিক হাসপাতাল করবো। উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, বরগুনা একটি উপকূলীয় অঞ্চল। আমি নির্বাচিত হলে সংসদে গিয়ে প্রথমেই নিখোঁজ ও নিহত জেলেদের জন্য ১০ লাখ টাকার ক্ষতিপূরণের বিল আনবো।’
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহ ও উপজেলা সভাপতি সোহাগ বাদশা।
সকাল নিউজ/এসএফ


