চাঁদাবাজি করে টাকা আনতে হয় না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয় জানিয়ে কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনে ১১দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাবারে… টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা লাগে কিন্তু তুমি দূর্নীতি করবা না, আরও লাগলে আরো দিমু।’
তিনি বলেন, ‘আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি সুতরাং আপনাদের সেবা দেয়ার সময় কি আমার পয়সা নেয়ার দরকার আছে? আজকের দিনেও মানুষ আমার নির্বাচনী তহবিলে ৯ লক্ষ টাকা দিয়েছেন। প্রত্যেক দিনই এমন করে টাকা দেয়।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় দেবীদ্বার পৌর ৪নং ওয়ার্ডের বড়আলমপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমি বিশ্বাস করি আবার যদি কখনো নির্বাচন হয়, যদি আল্লাহ তৌফিকে রাখে, যদি দাঁড়াতেই হয়, আমি যদি ভালো কাজ করি, আমি যদি জনকল্যাণমুখী কাজ করি আপনারা আমাকে হেল্প করবেন, করবেন না? আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি সুতরাং আপনাদের সেবা দেয়ার সময় আমার পয়সা নেয়ার দরকার নাই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি, সন্তানের দায়িত্ব এবার আপনাদের হাতে।’
এসময় উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়েত ইসলামী কুমিল্লা (উঃ) জেলা সেক্রেটারী মো. সাইফুল ইসলাম শহিদ, খেলাফত মজলিশের এমপি প্রার্থী মাওলানা মো. মজিবুর রহমান ফরাজী, বাংলাদেশ খেলাফতে মজলিশের প্রার্থী মাওলানা মোফাজ্জল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমির মোহাদ্দেছ মো. জামসেদ হোনের হাবিবি প্রমূখ। এতে জামাত, এনসিপি ও জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল নিউজ/এসএফ

