জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, ‘নির্বাচনের পর মানুষের উপর আবার হুমকি-ধামকি হবে, নাকি মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে- আসন্ন নির্বাচনে সেটিই নির্ধারণ হবে।
তিনি বলেন, ‘আপনার ওইখানে ভোট দেয়া লাগবে যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো। যে জায়গাটাতে ভোট দিলে মানুষের উপর জুলুম হবে না, অত্যাচার, হুমকি ও ভয় দেখানো হবে না, সেই জায়গাটাতে ভোট দিতে হবে। তবে, আমি সারজিস একবারও বলবো না যে আমাকে ভোট দেন।’
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির মাঠ সংলঘ্ন এলাকায় স্থানীয় ভোটারদের উদ্দেশে সারজিস আলম এ কথা বলেন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আপনাদের এটা বলবো- বিশেষ করে সনাতনী ভাই বোনরা যারা আছেন, শুধু চিন্তা করেন বিগত দেড় বছরে কোন দলের নেতাকর্মীরা পঞ্চগড়ে চাঁদাবাজি, সিন্ডিকেট হুমকিসহ বিভিন্ন অপকর্ম করেছে। এটা যদি এনসিপি বা জামায়াতের নেতাকর্মীরা করে তাহলে আমাদেরও ভোট দিতে হবে না। আর যদি বিএনপির নেতাকর্মীরা করে তাহলে তাদেরকে বয়কট করতে হবে।’
সারজিস আরও বলেন, ‘এমপি-মন্ত্রীরা জেলার বাইরে থাকে। বিভিন্ন সময় এসে জেলার কাজে যুক্ত হয়। আর এখানে আপনারা থাকবেন জেলার নেতাকর্মীদের সাথে। জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত যে সকল নেতাকর্মী এমপি-মন্ত্রীর সাথে যাদের যোগাযোগ থাকবে তারা যদি ভালো না হয়, তাহলে এই জেলার মানুষকি ভালো থাকবে? খুব পরিষ্কার কথা- আপনার ওইখানে ভোট দেয়ার লাগবে যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো।’
সকাল নিউজ/এসএফ

