গুপ্তরা এখন স্বৈরাচারের মতোই নতুন জালিমের ভূমিকায় আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত। এই গুপ্তরা এখন দেশের মানুষের কাছে নতুন জালিমের ভূমিকায় আবির্ভাব হয়েছে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। আগামী ১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। কিন্তু ৫ আগস্টের পরে দেখেছি, স্বৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলতো, গুণীমানি ব্যক্তিকে অপদস্থ করতো, মানুষকে ছোট করতো। কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম, সেই রীতি বন্ধ হয়নি।’

তিনি বলেন, ‘অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই নেতা ও কর্মীরা মা-বোনদের জন্য সম্মান দেখায় না, শ্রদ্ধা নেই মা-বোনদের প্রতি, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। তাদের কাছে মানুষের মর্যাদা নেই।’

স্বৈরাচার সরকারের সঙ্গে তারা প্রতিবারই একসঙ্গে ছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তারা হলো মুদ্রার এপিঠ-ওপিঠ। ৭১, ৮৬, ৯৬সহ বিগত ১৫ বছর তাদের সঙ্গে ছিলেন তারা। নারীদের ঘরে বন্দী করে রেখে দেশকে সামনে নেওয়া যাবে না। নারী-পুরুষ এক সঙ্গে মিলে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তা না হলে প্রত্যাশিত দেশ গড়ে তোলা সম্ভব হবে না।’

তারেক রহমান বলেন, ‘গুপ্ত দলগুলো নারী সমাজকে নিয়ে অপমানজনক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন। গুপ্তরা জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, তাদের বক্তব্যে তাদের মানসিকতা ফুটে উঠেছে। তারা ক্ষমতায় গেলে জনজীবনে দুর্বিষহ অবস্থা তৈরি হবে। তাই তাদের উচিত শিক্ষা দিতে হবে, জনগণকে সতর্ক থাকতে হবে তাদের বিষয়ে।’

বরিশালের সমস্যাগুলোর বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বরিশালে নদী-ভাঙন সবচেয়ে বড় সমস্যা, বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। অনেক কাজ রয়ে গেছে, এই কাজগুলো করতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অনেক কাজ বিএনপির আমলে শুরু হয়েছিল। যা শেষ করা যায়নি। অনেক কাজ জমে গেছে, সমাধান করতে হবে। বিএনপি জয়ী হলে এসব সমস্যার সমাধানে কাজ করতে চায়।’

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বুধবার দুপুর ১২টার দিকে বরিশালে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। দুপুর ১২টা ২৫ মিনিটে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে উপস্থিত হন তিনি। বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠলে নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

বরিশালের জনসভা শেষ করে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।সেখানে জনসভা শেষে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version