দুর্নীতি, ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। আবেদনে বলা হয়, প্রশাসকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।

মোহাম্মদ এজাজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে- মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস এবং ফুটপাতে দোকান বরাদ্দসহ আরও নানা অনিয়ম।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী মোহাম্মদ এজাজের বক্তব্য গ্রহণের জন্য তাকে নোটিশ দেওয়া হলেও তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। সংস্থাটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যে, অভিযোগ সংশ্লিষ্ট এই ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের এই আদেশ দেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version