বিএনপি সিরাজগঞ্জ-পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ওই এলাকার তাঁত শিল্প সমৃদ্ধকরণসহ তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার ওপরও জোর দেন।
সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে শনিবার (৩১ জানুয়ারি) বিকালে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান একথা বলেন।
সিরাজগঞ্জ এবং পাবনা এলাকায় বহু কাজ করার আছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘সবাই একসঙ্গে কাজ করে দেশ গড়তে হবে। এই এলাকায় যেমন কৃষি আছে তেমন ছোটখাট শিল্প কারখানাও রয়েছে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে একইসাথে লাখ লাখ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’
তিনি বলেন, ‘নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হবে। ঠাকুরগাঁও থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত আমরা কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চাই। এ সময় ওই এলাকায় তাঁত শিল্পের ওপর কাজ করারও গুরুত্ব তুলে ধরেন তিনি। এর মাধ্যমে সারাবিশ্বে তাঁত পণ্য ছড়িয়ে দেওয়া সম্ভব।’
তারেক রহমান বলেন, ‘বিএনপি শান্তিতে বিশ্বাস করে। আমাদের কাছে ধর্ম মূখ্য নয়। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে জনগণের প্রকৃত সমস্যা সমাধান সম্ভব।’
বক্তব্যে নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘ধানের শীষের সরকার নারীদের স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দিতে চায়। এর জন্যই দেশের প্রত্যেক মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় বিএনপি।’
তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলার বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এই এলাকায় অনেক তরুণ প্রজন্ম রয়েছে। যারা বিদেশে যায় তাদের দক্ষতার ঘাটতি রয়েছে। তাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এতে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। শুধু তাই নয়, খেলাধুলায় যারা ভালো তাদের নিয়েও কাজ করবে বিএনপি।’
সকাল নিউজ/এসএফ

