ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে।’
আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকায় নির্বাচনী প্রচারে তিনি এসব কথা বলেন। এ সময় এলাকার সমস্যা ও সংকটগুলো তুলে ধরে সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘একটি পক্ষ তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সফল হচ্ছে না। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সুতরাং যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।’
এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার জন্য ভোটারদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন-যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম।’
তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তন নয়, নতুন বাংলাদেশ গড়ার। ভোটাররাও বেশ সাড়া দিচ্ছেন।’ এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন।
প্রচারণার সময় শাপলা কলিতে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহ্বান জানান নাহিদ ইসলাম। প্রচারণার সময় জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
সকাল নিউজ/এসএফ


